বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের প্রস্তুতি নিয়েছিলেন বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশের ভাষ্য, তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে ‘আজহার খান’ নামে পরিচয় ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডেভিড ইমন ও তার সহযোগীরা প্রথমে চট্টগ্রাম থেকে ঢাকায় যান। সেখানে তারা পোশাক পরিবর্তনের পাশাপাশি ব্যবহৃত গাড়ি ও চালকও বদলে ফেলেন। এরপর খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। তবে সম্ভাব্য রুটে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তারা আটক হন।

পুলিশ সুপার বলেন, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতে গিয়ে নিরাপদে অবস্থানের প্রস্তুতির অংশ হিসেবে বড় সাজ্জাদ তাকে এই কার্ডটি দিয়েছিলেন। বিষয়টি তদন্তের মাধ্যমে আরও যাচাই করা হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে পরিচয় রয়েছে। এতে ভারতের নাগরিক পরিচয়পত্রের আদলে ছবি, জন্মতারিখ ও একটি পরিচয় নম্বরও উল্লেখ আছে। তবে কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি—সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজন হলে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও তথ্য আদান-প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ভুয়া পরিচয়ে আত্মগোপনের পরিকল্পনা ছিল কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আধার কার্ডটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর পেছনে কোনো চক্র জড়িত রয়েছে কি না এবং সীমান্ত পারাপারের পুরো নেটওয়ার্ক শনাক্ত করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

তবে আধার কার্ডটি বৈধ কি না কিংবা ডেভিড ইমন এটি ব্যবহার করেছিলেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করেনি পুলিশ। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews