
ডেস্ক:: বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার সফর মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এর ওপর ভিত্তি করে আগামী ২৬ আগস্ট (বুধবার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
দেশের সব জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামসহ মন্ত্রিপরিষদ বিভাগ, ধর্ম মন্ত্রণালয় এবং বিভিন্ন শীর্ষস্থানীয় মাদ্রাসার প্রতিনিধি ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।