
সংগৃহীত ছবি
ডেস্ক:: রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত হলো।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় দেশে স্নায়ুরোগের চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, পুরো দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা বিশিষ্ট ভবনে ৩০০ শয্যা নিয়ে চিকিৎসাসেবা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। পরবর্তীতে রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। নতুন ১৫ তলা ভবনের ৫০০ শয্যা চালু হওয়ায় এখন থেকে মোট এক হাজার শয্যায় রোগীদের পূর্ণাঙ্গ স্নায়ুরোগের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।