
ডেস্ক:: দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ, রংপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও হবিগঞ্জে এসব ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন ও প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের চার উপজেলায় ৫ জন, রংপুরের মিঠাপুকুরে ২ জন, নেত্রকোণার আটপাড়ায় ১ জন, ময়মনসিংহে ২ জন এবং হবিগঞ্জে ১ জন নিহত হয়েছেন।
সুনামগঞ্জে একাধিক মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও দিরাই উপজেলায় পৃথক বজ্রাঘাতে ৫ জন প্রাণ হারান। ধর্মপাশায় টগার হাওর সংলগ্ন এলাকায় ধান কাটার সময় হবিবুর রহমান (২২) নিহত হন। একই উপজেলার সরস্বতিপুর ইসলামপুর গ্রামে বজ্রাঘাতে কিশোর রহমত উল্লাহ (১৩) প্রাণ হারান।
দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরে ধান কাটার সময় কৃষক লিটন মিয়া (৩৮) নিহত হন। এছাড়া জামালগঞ্জে নূর মিয়া এবং তাহিরপুরে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) পৃথক ঘটনায় মারা যান।
রংপুরে মাছ ধরতে গিয়ে মৃত্যু
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে মাছ ধরার সময় বজ্রাঘাতে মিলন মিয়া (৩৫) ও আবু তালেব (৬৫) নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নেত্রকোণায় কৃষকের মৃত্যু
নেত্রকোণার আটপাড়া উপজেলার মেষির হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষক মারা যান।
ময়মনসিংহ ও হবিগঞ্জে আরও প্রাণহানি
ময়মনসিংহে দুইজন এবং হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান বলেন, ঘটনাগুলোতে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানান, নিহত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
Leave a Reply