
নিজস্ব প্রতিনিধি:: পৃথিবীর পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার প্রধান উপকরণ হচ্ছে বৃক্ষ। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অঙ্েিজন সরবরাহ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। খুলনা মহানগরীতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমরাও পরিকল্পনা গ্রহণ করেছি।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকালে নগর ভবনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হয়।
দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যে কোন মূল্যে সুন্দরবনের জীব-বৈচিত্র্য রক্ষা করতে হবে। এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে আমাদের চারপাশে পরিকল্পিতভাবে গাছের চারা রোপণ ও তার যথাযথ যত্ন নিতে হবে। প্রশাসক তাপমাত্রা হ্রাসসহ জলবায়ু পরিবর্তনের কুফল প্রতিরোধে এবং খুলনাকে সবুজায়ন নগরী হিসেবে গড়ে তুলতে কেসিসি’র উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ির অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণের জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: অনিসুর রহমান, সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন, সাউথইস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান মোল্লা মাসুদ পারভেজ, ব্যাংকের স্যার ইকবাল রোড শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান সোহান, ডুমুরিয়া শাখার শাখা প্রধান সঞ্জিত কুমার মন্ডল, যশোর শাখার শাখা প্রধান মো: জহির হাসান, যশোরের রূপদিয়া শাখার শাখা প্রধান মো: খালিদ ইমরানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply