
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মো. আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বুধবার (১ জুলাই) সকালে তিনি হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, অবকাঠামো, রোগীদের সেবার মান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
পরে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। সভায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবা প্রদানে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে হাসপাতালের মসজিদ সংস্কার কাজের জন্য সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে ৩ লাখ টাকার অনুদানের একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ অনুদানের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।