
মনির হোসেন:: চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযানের অংশ হিসেবে ঢাকার ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ধোলাইপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গত ১০ আগস্ট সোমবার রাত সাড়ে ৭ টা হতে ১২ টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ৩ টি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় ভ্যান চালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।