
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতভর পরিচালিত এ অভিযানে মোংলার বুড়িরডাঙ্গা, রামপালের গৌরম্ভা এবং আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় দিগরাজ-রামপাল ও ফকিরহাট এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়। আটককৃতরা হলেন— মো: রনি হাওলাদার, মো: সজিব আহাম্মেদ জয়, হোসেন, মো: সাজেদুল ইসলাম, মো: নাজমুল শেখ এবং মেহদী হাসান।
অভিযানের নেতৃত্ব দেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন এবং সেকেন্ড অফিসার ইমামুল ইসলামসহ পুলিশের একটি দল। এ সময় তারা চক্রটির সদস্যদের আটক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। মোংলা থানার ওসি মো: আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply