বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় নদীর তীর থেকে বিরিঞ্চি পদ মণ্ডল (১০৫) নামে এক শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লতা ইউনিয়নের পুতুলখালী গ্রামের মৃত মহেন্দ্র কুমার মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার বাহিরবুনিয়া গ্রামের মুনছুর সরদারের বাড়ির পাশের বেতাঙ্গী নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে উজ্জ্বল মণ্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার রাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা এবং মানসিক সমস্যার কারণে রাতে নদীর পাড় দিয়ে চলাচলের সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পাইকগাছা থানার পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews