
ছবি: সংগৃহীত
ডেস্ক:: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করছে। একই সঙ্গে গণভোটের বিষয়ে সরকারের আচরণকে তিনি ‘ফ্যাসিবাদী’ বলে আখ্যা দেন।
বুধবার (৫ আগস্ট) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কাছে জুলাই আন্দোলন, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কোনো মূল্য নেই। তাঁর দাবি, সরকার যদি স্বৈরাচারী মনোভাব থেকে সরে না আসে, তাহলে দেশের পরিস্থিতি আরও জটিল হতে পারে।
জুলাই আন্দোলনে আহতদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখনো অনেক যোদ্ধা ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। অথচ তাদের প্রতি সরকারের প্রয়োজনীয় মনোযোগ নেই। তিনি বলেন, জুলাইয়ের যোদ্ধারা জাতীয় সম্পদ; তাদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে।
জামায়াত আমির আরও বলেন, জুলাই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। দিনমজুর থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনের অংশীদার ছিলেন।
তিনি শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সরকারের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী জনগণকে নানা আশার কথা শুনিয়েছিলেন। কিন্তু সেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। এসব প্রতিশ্রুতি কেন বাস্তবায়িত হচ্ছে না, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে এবং সংসদেও এ বিষয়টি স্বীকার করা হয়েছে বলে দাবি করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপির উদ্দেশে বলেন, এভাবে চলতে থাকলে জনগণের কাছে প্রতারক হিসেবে পরিচিত হওয়ার দায় তাদেরই নিতে হবে।
সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ পুনর্ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার যদি এই আচরণ পরিহার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে, তাহলে জনগণই তাদের স্বাগত জানাবে।
সবশেষে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানাতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেবে না।