
নিজস্ব প্রতিনিধি:: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন,আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব।মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিকপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি শনিবার বিকালে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে সমাজ থেকে দুর্নীতি দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনারা আমাদের সঙ্গে থাকলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস প্রতিযোগিতার মাধ্যমে দেশের মানুষকে খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট করা হয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় খেলার মাঠ, সুইমিংপুল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলাকে একটি করে ‘স্পোর্টস ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হবে
ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক মো: আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো: রাশেদ খাঁন, জেলা প্রশাসক মো: নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ উপস্থিত ছিলেন।