
মনির হোসেন:: চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযানে ঢাকার পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
৯ আগস্ট রবিবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় গত ৮ আগস্ট শনিবার রাত ৭ টা হতে ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫ লক্ষ ৮৯ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতি চাল, প্রাকৃতিক ভেষজ (হিমালয়ান শিলাজিৎ রেজিন) ও চোরাচালান কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত চোরাকারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।