
সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুরো দলকে অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও ম্যাচের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানান, জয়ের পর মাঠে থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর ফোন আসে। দলের টিম ম্যানেজার নাফিস ইকবালের মোবাইল ফোনে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। দলের কঠোর পরিশ্রমের প্রশংসা করে তিনি সবাইকে শুভেচ্ছা জানান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়কে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন অধিনায়ক শান্ত। তার মতে, বিদেশের মাটিতে বাংলাদেশ এর আগেও কিছু স্মরণীয় জয় পেয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে এসে স্বাগতিকদের এমন ব্যবধানে হারানো নিঃসন্দেহে বিশেষ একটি অর্জন।
ডারউইন টেস্টে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। এরপর ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে বড় লিড নেয় সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে আসে মাত্র ৫৭ রানের লক্ষ্য। এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। মুমিনুল হক ও সাদমান ইসলাম দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয় এনে দেন।
এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই সাফল্য দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।
প্রধানমন্ত্রীর অভিনন্দনের পাশাপাশি সাবেক ক্রিকেটার, ক্রীড়া বিশ্লেষক ও ক্রিকেটপ্রেমীরাও বাংলাদেশ দলের প্রশংসা করছেন। তাদের মতে, ডারউইনের এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়; বড় দলের বিপক্ষে তাদের ঘরের মাঠেও বাংলাদেশ যে লড়াই করে জয় ছিনিয়ে নিতে পারে, এটি তার বড় প্রমাণ।