
চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দলীয় লোক না নিয়ে আওয়ামী দোসরদের নিয়োগ দেওয়ার অভিযোগে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। রবিবার (০৯ আগস্ট) সকাল ৯ থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা হয়। এ সময় আন্দোকারীরা উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত সকল সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ করতে বলেন। সেই সাথে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও সমাজসেবা কর্মকর্তা রঞ্জণ হালদারের অপসারণের দাবি জানান। এ সময় কয়েকজন নারীকে ঝাড়ু হাতে বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা যায়।
নিয়োগ প্রত্যাশী ও বিএনপি নেতারা জানান, উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে লোক নিয়োগের জন্য সম্প্রতি পরীক্ষা গ্রহণ করা হয়। সেই পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার ৬ আগস্ট প্রকাশ করা হয়। সেই ফলাফলে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও সমাজসেবা কর্মকর্তা রঞ্জণ হালদার দুর্নীতির মাধ্যমে সব আওয়ামী লীগ পরিবারের লোক নিয়োগ দিয়েছেন। ছাত্রদল ও যুবদলের কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এমনকি কারা আবদেন করেছে সে তালিকাও বিএনপির নেতাদের দেখতে দেওয়া হয়নি। তাঁরা নিয়োগ বাতিল করে যোগ্যদের নিয়োগ দেওয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের বিএনপির নমিনি কপিল কৃষ্ণ মন্ডল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, সাবেক যুগ্ম-আহবায়ক শিপর মুন্সি, বিএনপি নেতা শেখ জাহিদুর রহমান, শেখ নোয়াব আলী, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান ও কৃষকদলের সাধারন সম্পাদক জবরুল শেখ।
এ ব্যাপারে জানতে চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা রঞ্জণ হালদারের মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
তবে, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে ফলাফল দেওয়া হয়েছিল। উধর্তন কর্তৃপক্ষের নির্দেশে সেই ফলাফল স্থগিত করা হয়েছে। এখানে কোন প্রকার দুর্নীতি বা দলীয়করণ করা হয়নি।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেছেন, নিয়মের মধ্যে থেকেই সকল নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে মূল্যায়ন ঠিক আছে কিনা সেজন্য মন্ত্রণালয়ের নির্দেশে ফলাফল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনঃমূল্যায়ন করে ফলাফল দেওয়া হবে।