
ডেস্ক:: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই আইনের আওতায় বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত ঘোষণা করে পুলিশ বাহিনীর অধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামের একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক সমাপ্তির পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রিসভায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এই নতুন আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বর্তমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামক একটি বিশেষায়িত ব্যাটালিয়ন বা ইউনিট প্রতিষ্ঠা করা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাধারণ নাগরিকদের কোনো অভিযোগ কিংবা ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অসন্তোষ ও সংক্ষোভ নিষ্পত্তির লক্ষ্যে একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান এতে যুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, র্যাব-সংক্রান্ত যাবতীয় জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, স্থাবর-অস্থাবর সম্পত্তি, হিসাব, রেকর্ডপত্র এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ নবগঠিত এসআরবি-এর নিকট হস্তান্তরের প্রয়োজনীয় বিধান রাখা হয়েছে। এর পাশাপাশি, নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান র্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজন সাপেক্ষে বহাল রাখার সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।