বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোটন বাহিনীর সহযোগী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলিসহ বনদস্যু ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

১৪ অক্টোবর মঙ্গলবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনার জেলার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর সোমবার সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রা এর আভিযানিক দল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন আভিযানিক দল বনদস্যুদের ধাওয়া করে ১টি একনলা বন্দুক,২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর ১ সহযোগীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দস্যুবাহিনীর সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং দস্যুবাহিনীর দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews