সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

ইউএনও’র হস্তক্ষেপে রডবিহীন সড়ক ভেঙে পুনর্নির্মাণ শুরু

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আলোচিত রডবিহীন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের পর অবশেষে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে ত্রুটিপূর্ণ নির্মাণকাজ অপসারণ করে নতুন করে রড ব্যবহার করে সড়ক নির্মাণ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁর নির্দেশেই পুরোনো ঢালাই ভেঙে প্রকৌশলগত মানদণ্ড অনুযায়ী পুনর্নির্মাণের কাজ চলছে।

রবিবার (৫ জুলাই) থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান পূর্বে নির্মিত রডবিহীন ঢালাই অপসারণ করে নতুন করে রড স্থাপন করে ঢালাইয়ের কাজ শুরু করে। এতে দীর্ঘদিনের অভিযোগের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টোল আনারের বাড়ি থেকে পৌর কার্যালয়ের কার্যসহকারী বিদ্যুৎ কুমার রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ১০৮ মিটার আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। কাজটির মূল ঠিকাদার ছিল আখি এন্টারপ্রাইজ, তবে সাব-ঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করেন ইউসুফ আলী সরদার।

স্থানীয়দের অভিযোগ ছিল, কার্যাদেশ (সিডিউল) অনুযায়ী ৪ ইঞ্চি পুরু আরসিসি ঢালাই দেওয়ার কথা থাকলেও বিভিন্ন স্থানে মাত্র আড়াই থেকে ৩ ইঞ্চি পুরু ঢালাই দেওয়া হয়। এছাড়া ড্রেনের স্ল্যাবে বাধ্যতামূলক রডের খাঁচা ব্যবহার না করে রডবিহীন ঢালাই করা হয়। এমনকি ঢালাইয়ের মাত্র দুই দিন পরই হাত দিয়ে কংক্রিট ভেঙে যাওয়ার ঘটনাও স্থানীয়রা গণমাধ্যমকে দেখান। মূলত ২৮ জুন নির্মাণকাজ শেষ হওয়ার পরই এসব অনিয়ম সামনে আসে।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলে অভিযোগটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গত ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী অতিরিক্ত দায়িত্বে থাকা পৌর নির্বাহী প্রকৌশলী নুর আহাম্মদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর ইউএনও ত্রুটিপূর্ণ রাস্তা ও ড্রেনের ঢালাই অপসারণ করে কার্যাদেশ অনুযায়ী নতুন করে নির্মাণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে পুরোনো ঢালাই ভেঙে রড ব্যবহার করে নতুনভাবে সড়ক ও ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরো জানান, প্রশাসনের দাপ্তরিক তদারকির পাশাপাশি সাধারণ জনগণকেও সোচ্চার থাকার আহবান জানান। এবং যেকোনো ধরনের অনিয়মে তাকে অবহিত করার জন্যও আহ্বান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

এদিকে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এবার প্রকৌশলগত মান বজায় রেখে টেকসই সড়ক নির্মাণ হবে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews