
স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান নেইমার। তিনি বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার এই যাত্রা মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।”
এর মধ্য দিয়ে ব্রাজিলের হয়ে নেইমারের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ ৮০ গোলের মালিক তিনি। ২০২২ বিশ্বকাপে কিংবদন্তি পেলের গোলের রেকর্ড স্পর্শ করার পর ২০২৬ বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৮০-তে নিয়ে যান এই ফরোয়ার্ড।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও বেশ কয়েকটি স্মরণীয় অর্জন রয়েছে নেইমারের ঝুলিতে। ২০১৩ সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান।
কোপা আমেরিকায় তার সেরা সাফল্য ২০২১ সালের ফাইনালে ওঠা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে হার মানতে হয়েছিল ব্রাজিলকে।
বিশ্বকাপ মঞ্চে নেইমারের সর্বোচ্চ অর্জন ২০১৪ সালে ব্রাজিলের সেমিফাইনালে পৌঁছানো। যদিও ইনজুরির কারণে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। পরবর্তী দুই বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে সক্ষম হন। আর ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়ে শেষ হলো ব্রাজিলের জার্সিতে তার দীর্ঘ ও সফল পথচলা।